অনূর্ধ্ব ১২ ও অনূর্ধ্ব ১৪ বছর বয়সী প্রায় ১,৮২০ জন ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতি থানা থেকে সর্বোচ্চ ১০টি দল এবং পুরো জেলার সর্বমোট ১৩০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এটি একটি বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট, যার মূল লক্ষ্য ক্ষুদে ক্রিকেটারদের একটি সুসংগঠিত ক্রিকেট নেটওয়ার্কের আওতায় আনা এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা ও মানসিক উন্নয়ন নিশ্চিত করা।
এই টুর্নামেন্টের মাধ্যমে শিশুদের সুশৃঙ্খল ও পরিকল্পিত পরিবেশে ক্রিকেট খেলার সুযোগ সৃষ্টি হবে। বাস্তব ম্যাচ খেলার মাধ্যমে তারা ক্রিকেটের নিয়ম-কানুন শিখবে, নতুন দক্ষতা অর্জন করবে এবং আত্মবিশ্বাস গড়ে তুলবে। কিশোরগঞ্জের অনেক শিশুর জন্য এটি হবে তাদের প্রথম বড় ক্রিকেট আসর, যা নিয়ে তারা দারুণ উচ্ছ্বসিত।
অভিজ্ঞ কোচরা ব্যাটিং, বোলিং, ক্যাচিং ও দলগত সমন্বয়ের মতো মৌলিক দক্ষতা উন্নয়নে নিয়মিতভাবে শিশুদের সহায়তা করছেন। অভিভাবকরাও এই আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের শারীরিকভাবে সক্রিয়, শৃঙ্খলাবদ্ধ ও মনোযোগী করে তউলবে। অনেক অভিভাবক প্রশিক্ষণ সেশনেও উপস্থিত থেকে সন্তানদের উৎসাহ ও সমর্থন জোগাচ্ছেন।
টুর্নামেন্ট চলাকালীন নির্বাচক ও প্রশিক্ষকরাও খেলোয়াড়দের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। ভবিষ্যতে উন্নত হাই পারফরম্যান্স প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করা হবে।
সবার প্রত্যাশা, এই লিগ আরও বেশি শিশুকে খেলাধুলায় অংশ নিতে অনুপ্রাণিত করবে এবং বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে। কিশোরগঞ্জ জেলা ক্রিকেট কর্তৃপক্ষের বিশ্বাস, এই প্রতিযোগিতা জেলা থেকে নতুন নতুন ক্রিকেট প্রতিভা গড়ে ওঠার শক্তিশালী ভিত্তি হবে।

